auxiliaryptc.com

সিবিটি (CBT) বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি: আধুনিক সাইকোথেরাপির এক অনন্য দিগন্ত

কাউন্সেলিং বা সাইকোথেরাপি মানেই কি শুধু বসে বসে সান্ত্বনা দেওয়া, কথা শুনা বা পড়ামর্শ দেয়া? একদমই না! এটি মনের যত্ন নেওয়ার একটি নিখুঁত বিজ্ঞান। আর বর্তমান বিশ্বে সাইকোথেরাপির সবচেয়ে আধুনিক, জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত শাখাটি হলো সিবিটি (CBT) বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আপনার নেতিবাচক চিন্তার প্যাটার্ন বদলে দিয়ে জীবনকে নতুন করে সাজাতে এই প্রমাণিত পদ্ধতিটি জাদুর মতো কাজ করে।

লেখায় ও নির্দেশনায়: মোঃ নাসিম বিল্লাহ, এ্যসোসিয়েট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট; ফাউন্ডার “অক্সিলিয়ারি সাইকোথেরাপি এন্ড ট্রেইনিং সেন্টার

সিবিটি কী? এর কোর কন্সেপ্ট ও এটি কিভাবে কাজ করে?

প্রথম সেশনে কী হয়? প্রতিটি সেশন কেমন হয়?

সিবিটি-র মূল দর্শন: আপনার চিন্তার ধরণই কি আপনার কষ্টের কারণ?

সিবিটি (CBT)-র সবচেয়ে বড় ম্যাজিক হলো এর পেছনের বিজ্ঞান। সিবিটি বিশ্বাস করে—কোনো নির্দিষ্ট ‘ঘটনা’ সরাসরি আমাদের কষ্ট দেয় না, বরং সেই ঘটনাকে আমরা কীভাবে ‘ব্যাখ্যা’ করছি বা আমাদের চিন্তার ধরণ (Thought Pattern) কেমন, সেটাই আমাদের আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করে।

বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক: ধরুন, আপনি রাস্তা দিয়ে একা হাঁটছেন। হঠাৎ একজনের সাথে আপনার খুব জোরে ধাক্কা লাগলো। ঘটনা এখানে একটাই—”ধাক্কা লাগা”। কিন্তু এই একটি ঘটনাতেই ভিন্ন ভিন্ন চিন্তার কারণে কীভাবে আমাদের সম্পূর্ণ রিয়েকশন বদলে যায়, তা ৩টি আলাদা পরিস্থিতি থেকে দেখুন:

পরিস্থিতি ১: ‘ছিনতাইকারী’ মনে করা

  • চিন্তা বা জাজমেন্ট: “এ নির্ঘাত ছিনতাইকারী, ধাক্কা দিয়ে আমার পকেট মারার সুযোগ খুঁজছে!”

  • আবেগ: প্রচণ্ড ভয় বা আতঙ্ক।

  • শারীরিক প্রতিক্রিয়া: বুক ধড়ফড় করা, ঘাম দেওয়া এবং শ্বাস আটকে আসা।

  • আচরণ: ভয়ে দৌড়ে পালানো বা পকেট শক্ত করে চেপে ধরা।

পরিস্থিতি ২: ‘বেয়াদব’ মনে করা

  • চিন্তা বা জাজমেন্ট: “লোকটা একটা বেয়াদব, ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছে!”

  • আবেগ: প্রচণ্ড রাগ বা ক্ষোভ।

  • শারীরিক প্রতিক্রিয়া: শরীর গরম হয়ে যাওয়া, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া।

  • আচরণ: লোকটিকে গালি দেওয়া বা তার সাথে ঝগড়া শুরু করা।

পরিস্থিতি ৩: ‘বিপদগ্রস্ত’ মনে করা

  • চিন্তা বা জাজমেন্ট: “লোকটা হয়তো খুব বিপদে আছে বা কোনো ইমার্জেন্সিতে তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে।”

  • আবেগ: সহানুভূতি ও মানসিক প্রশান্তি।

  • শারীরিক প্রতিক্রিয়া: শরীর একদম স্বাভাবিক ও রিল্যাক্সড থাকা।

  • আচরণ: তাকে নিজ থেকে সরে যেতে দেওয়া বা “ভাই, আপনি ঠিক আছেন তো?” জিজ্ঞেস করা।

সিবিটি-র ফোকাস কোথায়?

উপরের উদাহরণটি খেয়াল করুন। ঘটনা কিন্তু একটাই ছিল, কিন্তু শুধু ‘জাজমেন্ট’ বা ‘চিন্তার’ পার্থক্যের কারণে একজন ভয়ে দৌড়ালো, একজন ঝগড়া করলো, আর একজন শান্ত থাকলো। আমাদের মন এভাবেই চিন্তার সাথে আবেগ, শরীর এবং আচরণের একটি শক্তিশালী চেইন বা দুষ্ট চক্র তৈরি করে। আর ঠিক এই কারণেই, সিবিটি (CBT) মূলত মানুষের এই চিন্তা বা জাজমেন্টের মডিফিকেশন (Modification)-এর ওপর সবচেয়ে বেশি ফোকাস করে। চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারলেই আমাদের কষ্টের চক্রটি ভেঙে যায়।

সব চিন্তাই কি বিপদগ্রস্থ বা অশান্তি তৈরি করে?

এখন প্রশ্ন আসতে পারে, আমাদের মাথায় আসা সব চিন্তাই কি ভুল বা আমাদের বিপদে ফেলে? না! এখানেই সিবিটি-র সবচেয়ে গভীর এবং আধুনিক বিষয়টি লুকিয়ে আছে। সব সময় যে আমাদের চিন্তার ধরণ অবাস্তব হয় বা শুধু চিন্তা বদলালেই সব ঠিক হয়ে যায়, তা কিন্তু নয়। ক্লিনিক্যাল ভাষায় আমাদের বিশ্বাস বা কগনিশন (Cognition) বা চিন্তার ধরণ মূলত ৩ রকমের হতে পারে:

১. বিকৃত বা অসামাঞ্জস্যপূর্ণ চিন্তা (Distorted): এগুলো হলো আমাদের মনের গভীরে গেঁথে থাকা কিছু কোর বিলিফ (Core Belief)। যেমন- “আমি অভাগা”, “কেউ আমাকে ভালোবাসবে না (Unlovable)”, বা “আমি অযোগ্য (Incompetent)”। এগুলো সহজে পরিবর্তনযোগ্য নয় এবং সবকিছুকে ছাপিয়ে প্রভাব বিস্তার করে। জীবনে খুব ভালো কিছু ঘটলেও, এই বিকৃত চিন্তাগুলোই বারবার ঘুরেফিরে আসে। যেমন ধরুন কেউ নিজেকে অযোগ্য মনে করে । সে কোনো কঠিন পরীক্ষায় উত্তির্ণ হলো কিন্তু সে নিজেকে যোগ্য ভাবতে পারে  না। তার মনে আসবে যে সিস্টেম বা পরীক্ষকরা তাকে করুণা করে ভালো ফলাফল দিয়েছে।

২. আংশিক সঠিক কিন্তু ক্ষতিকর সিদ্ধান্ত (Valid but Dysfunctional Conclusion): ধরা যাক, মেডিকেলের একজন মেধাবী স্টুডেন্ট একটি সেমিস্টারে খারাপ রেজাল্ট করেছে। তার চিন্তা হলো—”আমি যথেষ্ট পড়াশোনা করিনি, তাই রেজাল্ট খারাপ হয়েছে।” এই চিন্তাটি একদম সঠিক বা ভ্যালিড। কিন্তু সে যদি এই ঘটনার পর সিদ্ধান্তে পৌঁছায় যে—”আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, আমি একটা অকাজের স্টুডেন্ট,” তবে এটি একটি ক্ষতিকর বা ডিসফাংশনাল সিদ্ধান্ত। কারণ, সে মেধাবী না হলে তো মেডিকেলে চান্সই পেতো না! তার বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে তার এই চরম নেতিবাচক সিদ্ধান্তের কোনো মিল নেই।

৩. সম্পূর্ণরূপে ক্ষতিকর চক্র (Decidedly Dysfunctional): এটি সবচেয়ে ভয়ংকর, কারণ এখানে মানুষ যেভাবে নেতিবাচক চিন্তা করে, বাস্তবে তার সাথে ঠিক সেটাই ঘটে (Self-fulfilling prophecy)। যেমন- সোশ্যাল অ্যাংজাইটি বা পরীক্ষার আগের রাতের ভীতি। একজন স্টুডেন্ট পরীক্ষার আগের দিন শুয়ে শুয়ে ভাবছে, “কাল প্রশ্ন কমন না পড়লে কী হবে? গার্ড কড়া হলে কী হবে? সব ভুলে গেলে কী হবে?”—এই চিন্তাগুলো একদম ভ্যালিড। কিন্তু এই চিন্তা করতে করতে তার অ্যাংজাইটি এতটাই বেড়ে যায় যে, তার পড়া হয় না, সে দেরিতে ঘুমায় এবং সকালে তাড়াহুড়ো করে হলে যায়। ফলে তার শরীর ও মন আগে থেকেই নার্ভাস থাকে এবং সোজা প্রশ্ন দেখেও সে ভুলে যায়। আলটিমেটলি তার পরীক্ষাই খারাপ হয়!

সিবিটি তাহলে কীভাবে সমাধানের পথ তৈরি করে?

এই সমস্যাগুলো সমাধানে সিবিটি (CBT) মূলত কগনিটিভ মডিফিকেশন এবং বিহেভিয়ারাল মডিফিকেশন-এর চমৎকার সমন্বয় ঘটায়। রাস্তার ওই ধাক্কা লাগার উদাহরণটি একটু মিলিয়ে দেখুন—একই ঘটনা একেকজন একেকভাবে ব্যাখ্যা করেছিল বলেই তাদের আবেগ ও প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা ছিল। সিবিটি ঠিক এই জায়গাতেই কাজ করে। এটি আমাদের শেখায় কীভাবে একটি বিষয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হয়। আমরা যখন কোনো নেতিবাচক বিষয়কে ভিন্নভাবে দেখতে বা মূল্যায়ন করতে পারি, তখন আমাদের ভেতরের কষ্টও কমে যায় এবং আমরা পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্নভাবে অনুভব করি।

শুধু ‘ভালো লাগা’ নয়, ভিন্ন দর্শন তৈরি করা: অনেকে মনে করেন থেরাপির কাজ হলো শুধুই ভালো লাগা তৈরি করা বা জোর করে সবকিছু নিয়ে ‘পজিটিভ চিন্তা’ করা। কিন্তু সিবিটি-র আসল উদ্দেশ্য তা নয়। এর কাজ হলো জীবনের প্রতি একটি ভিন্ন দর্শন বা ‘ডিফারেন্ট ফিলোসফি’ তৈরি করা। এই দর্শন সব সময় অন্ধভাবে পজিটিভ না-ও হতে পারে, কিন্তু তা অবশ্যই বাস্তবসম্মত হবে। যেখানে পরিস্থিতি পরিবর্তনযোগ্য নয় (যেমন- Valid but dysfunctional), সেখানে সিবিটি শেখায় কীভাবে তা মেনে নিতে হয় (Acceptance)

আচরণ ও চিন্তার মেলবন্ধন: শুধু চিন্তা বদলালেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। সিবিটি-র সাহায্যে যখন আমরা আমাদের ‘আচরণের পরিবর্তন’ করি, তখন আমাদের চারপাশের পরিস্থিতিও বদলাতে শুরু করে। আর এই নতুন পরিস্থিতির অভিজ্ঞতা ধীরে ধীরে আমাদের পুরনো নেতিবাচক বিশ্বাস ও চিন্তার ধরণকেও চিরতরে বদলে দেয়। কখনো কখনো ব্যাক্তির নিজের সম্পর্কে বিশ্বাস সঠিক হতে পারে যেমন আমি “ইনকম্পিটেন্ট” সেক্ষেত্রে কেন ইনক্মপিটেন্ট তা আইডেন্টিফাই করা হয়। যদি তার কোন স্কিলের ঘাটতি থাকে তাহলে স্কিল শিখতে হেল্প করা হয়। যেমন প্রব্লেম সলভিং ক্যাপাসিটি, ডিসিশন মেকিং স্কিল, কমিউনিকেশন স্কিল ইত্যাদি।

আপনার নিজের থেরাপিস্ট আপনি নিজেই: যেহেতু প্রত্যেক মানুষের অতীত অভিজ্ঞতা, পড়াশোনা এবং চিন্তার ধরণ সম্পূর্ণ আলাদা, তাই সিবিটি কোনো বাঁধাধরা নিয়মে বা একই ছকে সবার জন্য কাজ করে না। এই কারণেই একেকজন মানুষের জন্য থেরাপিস্টরা সম্পূর্ণ ভিন্নভাবে ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করেন। সিবিটি-র চূড়ান্ত লক্ষ্য একটাই—কয়েকটি সেশনের পর ব্যক্তি যেন এই সাইকোলজিক্যাল টুলসগুলো আয়ত্ত করে নিজেই নিজের থেরাপিস্ট হয়ে উঠতে পারেন এবং ভবিষ্যতে নিজের যেকোনো সমস্যার সমাধান নিজেই করতে পারেন।

সিবিটি (CBT) চিকিৎসা পদ্ধতি: ওভারঅল প্রসেস এবং সেশন স্ট্রাকচার

সিবিটি-র পুরো যাত্রাকে সহজভাবে বোঝার জন্য আমরা একে প্রধানত দুটি অংশে ভাগ করতে পারি। প্রথমটি হলো—আমাদের চিকিৎসার সামগ্রিক ধাপ বা ওভারঅল প্রসেস। এবং দ্বিতীয়টি হলো—প্রতিটি নির্দিষ্ট সেশনের ভেতরের গঠন

ওভারঅল সিবিটি (CBT) প্রসেস

পুরো থেরাপি জার্নিটি মূলত ৩টি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ধাপে সম্পন্ন হয়:

১. অ্যাসেসমেন্ট (Assessment): পুরো চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি, যার জন্য সাধারণত ৫-৬টি সেশন রাখা হয়।

  • এখানে আপনার সমস্যার ধরন ও প্রকৃতি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা হয়, যার ফলেই প্রাথমিক ‘হিলিং’ শুরু হয় এবং কষ্ট অনেকটা কমে আসে।

  • এই ধাপে আমরা মূলত কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি: আপনার সমস্যাটি আসলে কী? কেন এটি শুরু হয়েছিল? কেন এটি এখনো টিকে আছে? এবং কোন বিষয়গুলো অনুসরণ করলে আপনি এর থেকে বের হতে পারবেন?

  • আপনার ক্ষতিকর বা ম্যাল-অ্যাডাপ্টিভ (Maladaptive) চিন্তার প্যাটার্নগুলো শনাক্ত করতে শেখানো হয়, যাতে আপনি নিজেই নিজের সমস্যার শেকড় বুঝতে স্বাবলম্বী হয়ে ওঠেন।

২. ফর্মুলেশন (Formulation): অ্যাসেসমেন্ট থেকে পাওয়া তথ্যগুলোর ওপর ভিত্তি করে আপনার বাস্তব সমস্যার একটি সাইকোলজিক্যাল বা থিওরিটিক্যাল ম্যাপ তৈরি করা হয়। এই ম্যাপ বা ফর্মুলেশন দেখেই মূলত আমরা বুঝতে পারি সমস্যা সমাধানের জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটি ঠিক কেমন হবে।

৩. ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন (Treatment): এটি সমাধানের মূল ধাপ, যেখানে প্রধানত দুটি বিষয় ঘটে:

  • পূর্বের স্কিল এমপাওয়ার করা: আপনি হয়তো আগে নিজেই কোনোভাবে সমস্যা সামলাতে পারতেন, কিন্তু এখন তা কাজে দিচ্ছে না। আমি আপনার সেই পুরনো কার্যকর পদ্ধতিগুলোকেই পুনরায় শক্তিশালী করতে সাহায্য করি।

  • নতুন টুলস শেখানো: আপনাকে হাতে-কলমে বিভিন্ন সাইকোলজিক্যাল টুলস ও টেকনিক শেখানো হয়। কিছু টেকনিক সেশনে আমি সরাসরি প্রয়োগ করি, যা একা করা সম্ভব নয়। প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদেরও যুক্ত করা হয়, যেন তারা বাসায় আপনাকে সাহায্য করতে পারে।

  • সিবিটি টেকনিকসমূহ: আপনার প্রয়োজন অনুযায়ী আমরা থট চ্যালেঞ্জ, সক্রেটিক কোশ্চেনিং, ডিস্ট্যান্সিং, বিহেভিওরাল এক্সপেরিমেন্ট, রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস, এভিডেন্স ফর/অ্যাগেইনস্ট এবং হ্যাবিচুয়েশান-এর মতো আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করি।

প্রতিটি সেশনের স্ট্রাকচার কেমন হয়?

ওভারঅল প্রসেসের ভেতরে প্রতিটি নির্দিষ্ট সেশন কীভাবে পরিচালিত হয়, তার একটি গোছানো কাঠামো বা স্ট্রাকচার রয়েছে:

প্রথম সেশনের গঠন (১ম সেশন): প্রথম সেশনটি অন্যান্য সেশন থেকে একটু আলাদা। এখানে মূলত ৪টি এজেন্ডা থাকে: ১. আপনার সমস্যা মন দিয়ে শোনা (কেন সাহায্য চাইছেন)। ২. সাইকোথেরাপি ও সিবিটি সম্পর্কে আপনাকে ব্রিফ বা ধারণা দেওয়া। ৩. আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য নেওয়া। ৪. থেরাপি থেকে আপনার এক্সপেক্টেশন এবং ফিডব্যাক নেওয়া।

এই এজেন্ডাগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো লক্ষ্য অর্জন করি। যেমন—আপনার সাথে একটি বিশ্বস্ত সম্পর্ক (Rapport) তৈরি করা, সিবিটি-র কগনিটিভ মডেলের সাথে আপনাকে পরিচিত করা, অন্তত একটি সমস্যার বিস্তারিত আলাপ করে ইমোশনাল হিলিং দেওয়া এবং সেশন শেষে পুরো আলোচনার সারসংক্ষেপ (Summarize) করা। এছাড়াও প্রথম সেশনেই আমরা একটি ‘হোমওয়ার্ক’ (যেমন- বিহেভিওরাল অ্যাক্টিভেশন) ঠিক করে দিই।

নিয়মিত সেশনগুলোর গঠন: প্রথম সেশনের পর, বাকি ট্রিটমেন্ট সেশনগুলো প্রায় একই রকম স্ট্রাকচার মেনে চলে (তবে প্রয়োজনে কয়েকদিন পর পরও সেশন নেওয়া হতে পারে):

  • সেশনের শুরুতে এজেন্ডা ফিক্স করা এবং আপনার বর্তমান মুড চেক করা।

  • গত সপ্তাহের আপডেট নেওয়া এবং আগের হোমওয়ার্ক চেক করা।

  • কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে বিস্তারিত শোনা এবং কগনিটিভ মডেলের সাথে তা কানেক্ট করা।

  • হাতে-কলমে নতুন টেকনিক শেখা এবং আগামী সপ্তাহের জন্য নতুন হোমওয়ার্ক সেট করা।

  • সবশেষে, আপনার ফিডব্যাক নেওয়া এবং সারসংক্ষেপ করে সেশন শেষ করা।

বিশেষ দ্রষ্টব্য: উপরের এই স্ট্রাকচারটি একটি স্ট্যান্ডার্ড মডেল। তবে থেরাপিস্ট এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী এই স্ট্রাকচার ভিন্ন হতে পারে। বিশেষ পরিস্থিতি যেমন—কেউ যদি তীব্র সুইসাইডাল, ট্রমা বা সাইকোটিক ক্রাইসিস নিয়ে আসেন, তবে সাধারণ স্ট্রাকচারের বাইরে গিয়ে সবার আগে তার ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ এবং সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

💡 সেরা ফলাফল পেতে আপনার ভূমিকা

সিবিটি (CBT) একটি যৌথ প্রচেষ্টা। গবেষণায় দেখা গেছে—যারা থেরাপি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেন, তারা অন্যদের তুলনায় অনেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সেরা ফলাফল নিশ্চিত করতে আপনার কিছু বিশেষ সহযোগিতা প্রয়োজন:

  • সক্রিয় সহযোগিতা: সেশনে আপনার সঠিক তথ্য এবং অকপট আলোচনা থেরাপিস্টকে আপনার সমস্যার শেকড় বুঝতে সাহায্য করে।

  • হোমওয়ার্কের গুরুত্ব: সেশনে আমরা যে টেকনিকগুলো শিখি, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য নিয়মিত হোমওয়ার্ক বা টাস্কগুলো ডেডিকেটেডলি (নিষ্ঠার সাথে) সম্পন্ন করা জরুরি। এটিই আপনার স্থায়ী পরিবর্তনের চাবিকাঠি।

  • নিয়মিত সেশন: পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত সেশন নেওয়া অত্যন্ত প্রয়োজন।

সেশনের সময়সীমা: সাধারণত সপ্তাহে ১টি করে ১ ঘণ্টার (৬০ মিনিট) সেশন নেওয়া হয়। তবে ব্যক্তির সমস্যার গভীরতা এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে সেশনের সংখ্যা বা সময়সীমা এর চেয়ে বেশি বা কমও হতে পারে।

Team of expert Bengali speaking psychologists and therapists at Auxiliary PTC providing online counseling in NYC.

আপনার থেরাপিস্টের সাথে পরিচিত হোন

নমস্কার / আসসালামু আলাইকুম, আমি নাসিম বিল্লাহ। আমি একজন পেশাদার এ্যাসোসিয়েট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট । বিগত ৭ বছর ধরে আমি অসংখ্য মানুষকে সিবিটি (CBT) এবং অন্যান্য বিজ্ঞানসম্মত থেরাপির মাধ্যমে তাদের মানসিক জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করে আসছি।

আমার চিকিৎসার মূল দর্শন হলো—আপনাকে শুধু সাময়িক স্বস্তি দেওয়া নয়, বরং আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল টুলস শিখিয়ে দেওয়া, যাতে থেরাপি শেষে আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো ‘থেরাপিস্ট’ হয়ে উঠতে পারেন।

আপনার এই সুস্থতার জার্নিতে আপনাকে সাহায্য করতে আমি প্রস্তুত।